ব্রাজিলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। খবর সামা টিভির।
বুধবার (১৯ আগস্ট) পারানা রাজ্যের বিআর-৩৭২ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। সড়ক পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিয়া আরাউকারিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত সবাই বাসটির যাত্রী ছিলেন। সংঘর্ষের পর ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি ইম্বিতুভা পৌরসভার স্বাস্থ্য বিভাগের অধীনে চলাচল করত। তবে বাসটি ঠিক কী কাজে ব্যবহৃত হচ্ছিল বা এতে কারা যাত্রী ছিলেন, সে বিষয়ে ইম্বিতুভা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
ইম্বিতুভা শহরে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। পারানা রাজ্যের রাজধানী কুরিতিবা থেকে শহরটির দূরত্ব প্রায় ১৮০ কিলোমিটার পশ্চিমে। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে যান চলাচল ব্যাহত হয়।
এদিকে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কীভাবে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলো, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
মতামত দিন