Views Bangladesh Logo

২০০ হকার পেল কিউআর কোডযুক্ত স্মার্টকার্ড, স্ক্যান করলেই জানা যাবে ব্যবসাস্থল

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় প্রাথমিক পর্যায়ে প্রায় ২০০ হকারকে পুনর্বাসন করেছে সংস্থাটি। মিরপুর-১০ নম্বর এলাকার হকারদের মিরপুর-১৩-এ বিআরটিএ কার্যালয়ের বিপরীত পাশে এবং মিরপুর-১ এলাকার হকারদের গাবতলী কাঁচাবাজারে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে নগরভবনে হকারদের মধ্যে ডিজিটাল পরিচয়পত্র বিতরণ ও নির্ধারিত স্থানে স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রশাসক বলেন, 'পুনর্বাসিত স্থানগুলো এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে যানজট না হয় এবং হকাররা স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারেন।'

তিনি জানান, হকারদের দেওয়া ডিজিটাল পরিচয়পত্রে থাকা কিউআর কোড স্ক্যান করে তাদের নির্ধারিত ব্যবসাস্থল শনাক্ত করা যাবে। এতে অনিয়ম ও চাঁদাবাজি বন্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কেউ চাঁদাবাজির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে সিটি করপোরেশনকে জানানোর আহ্বানও জানান তিনি।

শফিকুল ইসলাম খান বলেন, 'আগে উত্তর সিটির ছয়টি মাঠে হকারদের পুনর্বাসনের পরিকল্পনা থাকলেও সেগুলো খেলার উপযোগী হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। দীর্ঘমেয়াদে হকারদের স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং স্থায়ী হকার্স মার্কেট গড়ে তোলা হবে।'

তিনি দাবি করেন, উচ্ছেদ কার্যক্রমে কোনো বলপ্রয়োগ করা হয়নি; বরং হকারদের সঙ্গে মানবিক আচরণ বজায় রেখেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ