Views Bangladesh Logo

ইরাকে মার্কিন-সৌদি বিমান হামলায় নিহত ২০ পিএমএফ যোদ্ধা

ইরাকের অন্তত সাতটি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় ইরান-সমর্থিত শিয়া আধাসামরিক জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) অন্তত ২০ জন সদস্য নিহত ও ৩২ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) পিএমএফের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। পিএমএফ জানায়, বাগদাদ, ওয়াসিত, নিনাওয়া, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা প্রদেশে তাদের সদর দপ্তরে হামলা চালানো হয়, যাতে স্থাপনা, সামরিক যান ও সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে নিনাওয়ায়, যেখানে একাই ১০ জন নিহত হন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরান-সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর রসদ ও অস্ত্র মজুতের ঘাঁটি লক্ষ্য করেই এই যৌথ অভিযান চালানো হয়েছে। সৌদি আরবের দাবি, তাদের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে চালানো ড্রোন হামলার জবাবেই এই অভিযান। গত কয়েক দিনে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার অভিযোগ তুলেই এই পদক্ষেপ নেওয়া হয়।

হামলাকে সার্বভৌমত্বের ওপর আঘাত আখ্যা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালিহ আল-জাইদি। পিএমএফও একে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন ও রাষ্ট্রীয় নিরাপত্তা প্রতিষ্ঠানের ওপর সরাসরি আক্রমণ বলে নিন্দা জানিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ