সংসদে আরও ২০ বিল পাস
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে, এর মধ্যে সকালের অধিবেশনে পাস হয়েছে ১০টি।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আজ শুক্রবার (১০ এপ্রিল) ১৩তম দিনের সকালের অধিবেশনে উত্থাপিত বিলগুলোর ওপর দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় এ বিষয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে উপস্থাপনের সুপারিশ করা হয়।
পাস হওয়া বিলগুলোর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের উত্থাপন করেন 'নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬', 'বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬', 'ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬', 'কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬' এবং 'রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬'। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী উত্থাপন করেন 'বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল, ২০২৬'। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উত্থাপন করেন 'বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬' এবং 'বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিল, ২০২৬'। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উত্থাপন করেন 'আমানত সুরক্ষা বিল, ২০২৬', 'এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল, ২০২৬', 'মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬', 'গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল, ২০২৬' এবং 'বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল, ২০২৬'। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন উত্থাপন করেন 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, ২০২৬' ও 'বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) বিল, ২০২৬'। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম উত্থাপন করেন 'জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল, ২০২৬' ও 'সাইবার সুরক্ষা বিল, ২০২৬'। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন উত্থাপন করেন 'নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল, ২০২৬'। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান উত্থাপন করেন 'জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬'।
এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ 'মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬' পাসের প্রস্তাব উত্থাপন করেন। বিলগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে