পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, ১ দিনেই নিহত ২০
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনার মধ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৪ ঘণ্টায় অন্তত ২০ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালাকোটের দ্রিক এইথ এলাকায় আন্দোলনকারীদের লক্ষ্য করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গুলি চালায়। নিহতদের মধ্যে জয়েন্ট প্রটেস্ট অ্যাকশন কমিটির (জেএএসি) মুখপাত্র উমর নাজির কাশ্মীরির ভাই উসমান নাজিরও রয়েছেন বলে দাবি করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, গত ৫ জুন থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হাতে ৮০ জন নিহত হয়েছেন বলে স্থানীয়দের দাবি। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় কাশ্মীরের ইনফ্লুয়েন্সার আকিল ভাই দাবি করেন, রাওয়ালাকোটে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং বহু হতাহত হয়েছেন। তবে তার বক্তব্যও স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এদিকে, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রায় ১৪ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি কিছু এলাকায় ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক, বিদ্যুৎ ও পানি সরবরাহও বন্ধ রাখা হয়েছে।
মতামত দিন