নেপালে পাহাড়ি ঢলে নিহত ২০, নিখোঁজ ৪০০
নেপাল-তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ৪০০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিকসহ অন্তত ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) ভোরের দিকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরাঞ্চলীয় রসুয়া জেলায় এ প্রাকৃতিক দুর্যোগ ঘটে। ঘটনার পর নেপাল পর্যটন বোর্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, এলাকায় থাকা পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
পর্যটন বোর্ডের তথ্যমতে, নিখোঁজ ২৯১ বিদেশি নাগরিকের মধ্যে ১০৫ জন ভারতীয়, ৩৭ জন প্রবাসী ভারতীয়, ১৭ জন মালয়েশীয়, ১২ জন ব্রিটিশ, চারজন দক্ষিণ আফ্রিকান, তিনজন মার্কিন, একজন অস্ট্রেলীয় ও একজন নেদারল্যান্ডসের নাগরিক রয়েছেন। এ ছাড়া আরও ১১১ জন বিদেশি নাগরিকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল সংসদে জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে ওই এলাকায় একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কারণে সৃষ্ট হিমবাহ ধস থেকে এই ভয়াবহ পাহাড়ি ঢলের সৃষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এই ঘটনায় নেপালের পাশাপাশি সীমান্তসংলগ্ন চীনা এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দুই দেশ যৌথভাবে কাজ করছে।
এ ঘটনায় নেপালের ২৬ জন পুলিশ সদস্য, নয়জন সশস্ত্র পুলিশ সদস্য এবং ৪৪ জন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন। স্থানীয় কাস্টমস ও অভিবাসন বিভাগের কয়েকজন কর্মকর্তাও নিখোঁজ রয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
পাহাড়ি ঢলে রসুয়া ও নুয়াকোট জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিভিন্ন অবকাঠামো, সড়ক যোগাযোগ, সেতু, বিদ্যুৎকেন্দ্র ও টেলিযোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। নিখোঁজদের উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলো অভিযান চালিয়ে যাচ্ছে।
মতামত দিন