জুলাইয়ে ভারত থেকে আসছে ২০টি ব্রডগেজ কোচ
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর প্রথমবারের মতো ভারত থেকে যাত্রীবাহী ট্রেনের কোচ আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জুলাই মাসে ২০টি ব্রডগেজ কোচ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় রেলওয়ের রপ্তানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের জন্য নির্মিত ২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। সেগুলো আগামী মাসে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।
বাংলাদেশ রেলওয়ের জন্য মোট ২০০টি ব্রডগেজ কোচ সরবরাহের লক্ষ্যে ভারতের সঙ্গে ৯১৫ কোটি রুপির একটি চুক্তি হয়েছিল। জুলাইয়ে আসতে যাওয়া ২০টি কোচ সেই বৃহৎ প্রকল্পের প্রথম চালান।
এই প্রকল্পে অর্থায়ন করছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারতের রেল কোচ ফ্যাক্টরি এ কাজের দায়িত্ব পায়। কোচগুলো নির্মাণ করা হচ্ছে ভারতের পাঞ্জাব রাজ্যের কাপুরথালায় অবস্থিত রেল কোচ কারখানায়।
ভারতীয় রেলওয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইকোনোমিক টাইমসকে বলেন, চুক্তির আওতায় প্রথম রেক আগামী জুলাইয়ের মধ্যে প্রস্তুত হবে। বাংলাদেশে বগিগুলো হস্তান্তরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর এ প্রকল্পের কাজও কিছু সময়ের জন্য ধীরগতির হয়ে পড়ে। তবে বর্তমানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ এগিয়ে চলছে।
এর আগে ভারত বাংলাদেশে ১২০টি ব্রডগেজ কোচ, ২৫টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করেছে। দুই দেশের মধ্যে রেল যোগাযোগ সম্প্রসারণ এবং পরিবহন অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এসব সহযোগিতা বাস্তবায়িত হয়েছে।
সর্বশেষ চুক্তির আওতায় শুধু কোচ সরবরাহই নয়, বাংলাদেশ রেলওয়েকে ডিজাইন সহায়তা, প্রয়োজনীয় যন্ত্রাংশ, কারিগরি প্রশিক্ষণ এবং কোচ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সহায়তাও প্রদান করবে ভারত।
বিশ্লেষকদের মতে, নতুন এই কোচ সরবরাহ বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবা সম্প্রসারণ এবং বহরে আধুনিক কোচ যুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি বাংলাদেশ-ভারত রেল সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখারও একটি ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে।
মতামত দিন