উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার দুই শিক্ষার্থী ফের রিমান্ডে, চারজন কারাগারে
উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার হওয়া ছয়জনের মধ্যে দুজনকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে বাকি চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।
প্রসিকিউশন পুলিশের এসআই মাসুম খান জানান, শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে নতুন করে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিতকে কারাগারে পাঠানো হয়েছে।
গত রোববার ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর ‘মিনি কক্সবাজার’ এলাকা থেকে ওই ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে বুধবার তাদের আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক। তিনি সাবির ও তানিমকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন এবং বাকি চারজনকে কারাগারে আটক রাখার আবেদন জানান।
সাবির ও তানিমের আইনজীবী মো. সাদ্দাম হোসেন রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। তিনি বলেন, আসামিরা শিক্ষার্থী এবং ইতোমধ্যে তিন দিনের রিমান্ডে ছিলেন। তদন্তে নতুন কিছু পাওয়া যায়নি।
এ সময় বিচারক বলেন, এ ঘটনায় পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে মামলা না করে সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ড চেয়েছে। জিজ্ঞাসাবাদে কোনো সম্পৃক্ততা না পাওয়া গেলে তারা মুক্তি পাবেন।
শুনানির সময় বিচারক আসামিদের কাছে জানতে চান, রিমান্ডে তাদের মারধর করা হয়েছে কি না। জবাবে আসামিরা মাথা নেড়ে ‘না’ বলেন।
শুনানি শেষে আদালত শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে তিন দিনের রিমান্ডে পাঠানোর এবং বাকি চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আগামী ১২ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে তদন্ত সংস্থাকে নির্দেশ দেন।
মতামত দিন