হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,৩৪৩
দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৩ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এ সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনের হিসাবে, নতুন আক্রান্তদের মধ্যে ১ হাজার ২৮২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। আর পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৪৮০ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৪৩ জন। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬০২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৯ হাজার ৫৪০ জন।
মৃত্যুর হিসাবেও পরিস্থিতির ভয়াবহতা উঠে এসেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৪৬ শিশু। এর বাইরে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১০০ শিশুর। অর্থাৎ হামের উপসর্গ ও নিশ্চিত হাম—দুই হিসাব মিলিয়ে এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ জনে।
এদিকে গত এক দিনে নতুন করে ১ হাজার ১৮২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৭৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু না হলেও দীর্ঘ সময়ের হিসাবে এই রোগে মৃত্যুর সংখ্যা ১০০ জনে পৌঁছেছে।
মতামত দিন