ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে নতুন ভর্তি ১০৫৬
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬ জন।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ও মৃত্যুর এই তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন মারা গেছেন। সেপ্টেম্বরের প্রথম ১২ দিনেই মৃত্যু হয়েছে ৪৬ জনের।
নতুন রোগী ভর্তির ক্ষেত্রে সবচেয়ে বেশি চাপ দেখা গেছে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে। গত এক দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০৮ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৭৬ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ভর্তি হয়েছেন আরও ২৫১ জন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় বরিশালে ১৪৪ জন, চট্টগ্রামে ১০৩, খুলনায় ১৯৯, ময়মনসিংহে ৪৮, রাজশাহীতে ৭৩, রংপুরে ৪৭ এবং সিলেটে সাতজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১ জানুয়ারি থেকে শনিবার সকাল পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫০ হাজার ২৭৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৪৬ হাজার ৬৯৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ১৩৪ জন।
মতামত দিন