Views Bangladesh Logo

হাম উপসর্গে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৪১৭

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১৭ জন।

রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন এবং চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৪ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৪৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৫৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৬৪ জন। ফলে নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৯৩৫ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৪ হাজার ৭৮৩ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৬ হাজার ১৮৩ জন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ