বনানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিদেশি নাগরিকসহ নিহত ২
রাজধানীর বনানীতে দ্রুতগতির কাভার্ড ভ্যানের ধাক্কায় রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ সড়কের আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন সিয়েরা লিওনের নাগরিক মাইকেল। অপরজন মো. খালেদ সাইফুল্লাহ (৩৮)। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মোহাম্মদ রফিক উল্লাহর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে আমতলী মোড়ের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। শনিবার দুপুরে বনানী থানার উপপরিদর্শক (এসআই) তারেক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মাইকেলের মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট দূতাবাসকে জানানোর প্রক্রিয়াও চলছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, মাইকেল রাজধানীর মালিবাগে কানাডিয়ান ট্রিলিনিয়াম ইন্টারন্যাশনাল স্কুলে কর্মরত ছিলেন। শুক্রবারই প্রতিষ্ঠানটিতে আনুষ্ঠানিকভাবে তার শেষ কর্মদিবস ছিল। শনিবার নিজ দেশে ফেরার কথা ছিল তার।
ওসি জানান, স্কুল থেকে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে করে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন মাইকেল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর নিহত খালেদ সাইফুল্লাহও একই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করেছে পুলিশ। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি শনাক্ত করার পাশাপাশি এর চালককে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছে বনানী থানা পুলিশ।
মতামত দিন