Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশুও রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং হামলার সঙ্গে একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে।

বিবিসি ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সিয়াটল সেন্টার এলাকায় এ গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

সিয়াটল অগ্নিনির্বাপক বিভাগ জানায়, ঘটনাস্থলেই দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে দুই বছর বয়সী শিশুটিকে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক। অপর একজন আহত ব্যক্তি সামান্য আঘাত পাওয়ায় হাসপাতালে চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান। তবে অন্য আহতদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার সময় সিয়াটল সেন্টারে সপ্তাহান্তের জনপ্রিয় খাদ্য উৎসব ‘বাইট অব সিয়াটল’ চলছিল। এ উৎসবে শত শত খাবারের স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সংগীত পরিবেশনার আয়োজন ছিল। উৎসবে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির মধ্যেই এই বন্দুক হামলার ঘটনা ঘটে, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ