কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, আহত ২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম সানজিদা হামিম। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। আহত অটোরিকশাচালকের নাম সুজন (৩২)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আহত দুজনকে চিকিৎসার জন্য নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আসেন। কিছুক্ষণ পর সেখানে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ফটকের আশপাশে থাকা দুজন আহত হন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রধান ফটক ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ‘আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গেটে বিকট শব্দ হয়। পরে আনসার সদস্যদের কাছ থেকে জানতে পারি, সেখানে ছোটখাটো একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। সরেজমিনে গিয়ে আমাদের কাছে মনে হয়েছে, কৌটা দিয়ে আলপিন বা বারুদ ব্যবহার করে সম্ভবত হোমমেড একটি ককটেল তৈরি করে নিক্ষেপ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ধোঁয়া সৃষ্টি হওয়ায় আনসার সদস্যরা কাউকে শনাক্ত করতে পারেননি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সংশ্লিষ্ট থানা ও পুলিশ ফাঁড়িকে জানানো হবে।’
প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তবে কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মতামত দিন