বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু ঢাকায় উদ্ধার
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশুকে রাজধানীর সোনারগাঁও ক্রসিং এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার পর শুক্রবার দুপুরে তাদের উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে শিশু দুটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছিল।
উদ্ধার হওয়া দুই শিশু হলো মো. রিয়ান (১১) ও মো. রনি (১৩)। তাদের মধ্যে রিয়ানের পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে। এতে দুই প্রতিবেশীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে বিবাদী করা হয়েছে।
অভিযোগে মো. আশাদুজ্জামান নুর রাছেল বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রামশহর পূর্বপাড়ায় নিজেদের বাসা থেকে রিয়ান ও রনি স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।
অভিযোগে বলা হয়েছে, পূর্বশত্রুতার জেরে দুই প্রতিবেশী শিশু দুটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে লুকিয়ে রেখেছেন বলে পরিবারের ধারণা। এ বিষয়ে আশপাশের লোকজন জানেন, দেখেছেন ও শুনেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনারগাঁও ক্রসিংয়ের দক্ষিণ পাশে পুলিশ বক্সের পেছনের রাস্তায় শিশু দুটিকে কান্নারত ও ভীত অবস্থায় দেখতে পান ট্রাফিক তেজগাঁও জোনের সার্জেন্ট পলাশ কুমার রায়।
পরে তাদের কাছে গিয়ে পরিচয় ও বাড়ির ঠিকানা জানতে চাইলে তারা বাবার সঙ্গে কথা বলতে চায় এবং কান্নাকাটি করতে থাকে। এ সময় শিশু দুজন পুলিশকে জানায়, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তাদের চোখ বেঁধে ধরে নিয়ে যায়। পরে একটি গোডাউনে আটকে রাখা হয়। সেখান থেকে তারা কৌশলে পালিয়ে আসে বলে জানায়।
শিশু দুটির দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে পুলিশ জানতে পারে, তাদের বাড়ি বগুড়ায়। গত ১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরে ঢাকায় অবস্থানরত এক শিশুর মামার সঙ্গে যোগাযোগ করে পুলিশ। এরপর শিশু দুটিকে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়।
মতামত দিন