অবরোধ চলাকালে ঢাকায় ২ বাসে আগুন
দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে ঢাকা জেলায় দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার খিলগাঁওয়ের তালতলা এলাকায় একটি বিআরটিসি বাসে ও সাভারের আশুলিয়ায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, অগ্নিসন্ত্রাসীরা অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে (বিআরটিসি) আগুন দেওয়ার ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রহরায় ঘটনাস্থলে পৌঁছে দেখে স্থানীয়ভাবে অগ্নিনির্বাপণ করা হয়েছে।
এদিকে, আশুলিয়া পুলিশ জানায়, সকালে ইতিহাস পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-৩২৯৫) বাসটি চন্দ্রা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। বাড়ইপাড়ায় পৌঁছলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। আগুন দ্রুত নিভিয়ে ফেলায় ক্ষতির পরিমাণ তুলনামূলক কম হয়েছে। বাসের পেছন দিকের পাঁচটি সিট পুড়ে গেছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাদরুজ জামান সংবাদমাধ্যমকে বলেন, 'যাত্রীবেশে বাসে উঠে কে বা কারা আগুন লাগিয়েছে। আমরা কাজ করছি, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। বাসটি এই মুহূর্তে বাড়ইপাড়ায় নিরাপদ স্থানে রাখা হয়েছে।'

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে