নড়াইলে সংঘর্ষে বিএনপি'র দুই নেতা নিহত
নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির একটি মিছিল যাওয়ার সময় দলটির নেতা-কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।
নিহত দুজন হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।
হামলার পর তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ওসি মো ইদ্রিস আলী বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
মতামত দিন