রিয়াদে বিমানবন্দরে হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩০৯ জন।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের (১০ অক্টোবর) এই হামলায় চারজন সৌদি নাগরিক, দুইজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক নিহত হন।
কর্তৃপক্ষ আরও জানায়, হামলার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবারও একই বিমানবন্দরে পৃথক এক হামলায় এক পাইলটসহ অন্তত তিনজন সৌদি নাগরিক নিহত হন। এছাড়া শনিবার দাম্মামের ‘কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর’ এলাকাতেও একটি বিস্ফোরক বস্তু বা প্রক্ষেপক (প্রজেক্টাইল) আঘাত হানে বলে জানা গেছে।
সর্বশেষ হামলার তীব্র নিন্দা জানিয়ে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী এর উপযুক্ত ও কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ দেওয়া এক পোস্টে এ হামলার কঠোর নিন্দা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, এই হামলা বেসামরিক মানুষের জীবনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে। অবিলম্বে এটি বন্ধ করতে হবে।
শনিবারের এই হামলার দায় তাৎক্ষণিকভাবে হুথি বিদ্রোহীরা স্বীকার না করলেও, সাম্প্রতিক দিনগুলোতে তারা সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এ নিয়ে ওই অঞ্চলে চরম আঞ্চলিক উত্তেজনা বিরাজ করছে।
হামলার পর নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি পর্যালোচনার সুবিধার্থে রিয়াদ বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে কুয়েত এয়ারওয়েজ ইতোমধ্যেই রিয়াদগামী তাদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি
মতামত দিন