একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আকরামের আমৃত্যু কারাদণ্ড বাতিল
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান আকরাম হোসেনের আমৃত্যু কারাদণ্ডের রায় বাতিল করে তাকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারকের আপিল বেঞ্চ আকরামের আপিল মঞ্জুর করে এ রায় দেন।
এর আগে ২০১৫ সালে যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের দায়ে বাগেরহাটের রাজাকার নেতা শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, মোড়েলগঞ্জ থানার তেলিগাতীতে মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে আটক করে নির্যাতনের পর হত্যার ঘটনায় আকরামকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন।
এ মামলায় সিরাজুল হক ও আকরামের সঙ্গে আব্দুল লতিফ তালুকদার নামে আরও এক রাজাকার সদস্য অভিযুক্ত ছিলেন। তবে রায়ের আগেই ২০১৫ সালের ২৭ জুলাই বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হলে মামলার কার্যক্রম থেকে তার নাম বাদ দেওয়া হয়।
২০১৪ সালের ৫ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পর সাক্ষ্যগ্রহণ পর্যায়ে তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিনসহ মোট ৩২ জন সাক্ষ্য দেন। সাতটি অভিযোগের মধ্যে ছয়টিতে সিরাজুল হককে, একটি অভিযোগে আকরাম ও লতিফকে এবং দুটি অভিযোগে তিনজনকেই আসামি করা হয়।
দুই পক্ষের যুক্তিতর্ক শেষে ২০১৫ সালের ১১ আগস্ট ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। সর্বশেষ আপিল বিভাগের রায়ে আকরাম খালাস পেলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে