কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে দর্শনার্থীদের ভিড়ের চাপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তর কলকাতার গিরিশ পার্ক থানা এলাকার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে মণ্ডপের বের হওয়ার পথে অতিরিক্ত ভিড়ের কারণে পদদলনের ঘটনা ঘটে। ওই সময় ভারী বৃষ্টির মধ্যে পূজামণ্ডপে দর্শনার্থীদের চাপ বেড়ে যায়। একপর্যায়ে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে অনেকে পড়ে গিয়ে অন্যদের পায়ের নিচে চাপা পড়েন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে।
কলকাতা পুলিশের ভাষ্য অনুযায়ী, গিরিশ পার্ক থানা এলাকার চোরবাগান সর্বজনীন পূজামণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথে অতিরিক্ত ভিড় তৈরি হয়েছিল। দুর্ঘটনার পর পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনার পর মণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথ সংকীর্ণ এবং আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকার কথা। এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএনআইকে জানান, পদদলনের সময় অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁদের মধ্যে কয়েকজনকে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ওই ব্যক্তির মেয়ে ও নাতিও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
দুর্ঘটনার পর আহতদের খোঁজ নিতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি, এই কঠিন সময়ে আহতদের পরিবারের সদস্যদের সাহস ও শক্তি দেওয়ার জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন তিনি।
মতামত দিন