অবরোধে সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা সর্বশেষ ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধ চলছে। এ অবস্থায় সারাদেশে মোট ১৮৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।
৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে সোমবার কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা ও আশপাশের জেলায় ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া দেশের যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।
বিগত অবরোধগুলোর মতোই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি সীমান্তের প্রহরীরা দায়িত্ব পালন করছেন।
প্রসঙ্গত, সরকারের পদত্যাগ ও নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী অবরোধ ডেকেছে বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে