ভারতের মেঘালয়ে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১৮, আটকা অনেকে
ভারতের মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া হিলস জেলায় একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার খনির ভেতরে বিস্ফোরণের পর শ্রমিকরা আটকা পড়েন। পরে উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এখনও আটকা রয়েছেন অনেকে। বিবিসি
পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরণটি একটি প্রত্যন্ত এলাকায় ঘটে। অভিযোগ রয়েছে, খনিটি বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল। উদ্ধারকাজে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের সঙ্গে পুলিশও অংশ নেয়। পুলিশ সুপার বিকাশ কুমার জানান, দুর্গম অবস্থানের কারণে উদ্ধার তৎপরতায় কিছুটা সময় লেগেছে।
ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনার্ড সাংমা বলেন, বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। যারা খনিটি পরিচালনা করছিল, তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে মেঘালয় হাইকোর্ট। আদালত স্বপ্রণোদিত হয়ে এ ঘটনায় মামলা গ্রহণ করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে