আরব সাগরে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী
উত্তর আরব সাগরে বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। শুক্রবার পাকিস্তান নৌবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এমভি গোল্ড অটাম নামের বাণিজ্যিক জাহাজটি থেকে জরুরি বিপদসংকেত পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। জাহাজটি পাকিস্তানের উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল (প্রায় ৩৭০ কিলোমিটার) দূরে উত্তর আরব সাগরে অবস্থান করছিল। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন'এর তথ্য অনুযায়ী, সতর্কবার্তা পাওয়ার পরপরই পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ) তাদের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) সক্রিয় করে এবং উদ্ধার কার্যক্রমের প্রটোকল শুরু করে।
সে সময় ওই এলাকায় টহলরত পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ পিএনএস হুনাইনকে দ্রুত এমভি গোল্ড অটামকে সহায়তার নির্দেশ দেওয়া হয়। নৌবাহিনীর বিশেষ দল জাহাজে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সহায়তা, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং নাবিকদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়। পরে ১৮ জন নাবিককেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
উদ্ধার হওয়া নাবিকদের নিরাপদে করাচিতে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পরে তাদের নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে