Views Bangladesh Logo

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৭৯

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, গুলশানের ওই মিছিলে অংশ নেওয়ার অভিযোগে শনিবার পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী জড়ো হয়ে ঝটিকা মিছিল করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান গুলশান থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন। ওই ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

এ ঘটনার পর গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকেও প্রশাসনিক কারণে সদর দপ্তরে সংযুক্ত করা হয়। দুই কর্মকর্তার প্রত্যাহারের আদেশই অবিলম্বে কার্যকর করা হয়।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ