দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ১৭
দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। রোববার রাতে এসব হামলার ঘটনা ঘটে বলে সোমবার জানিয়েছে দেশটির পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় রাত ১০টা থেকে ১১টার মধ্যে রাজধানী প্রিটোরিয়ার উপকণ্ঠে জেফসভিলের একটি অনানুষ্ঠানিক বসতির একটি ঘরে গুলি চালিয়ে নয়জনকে হত্যা করা হয়।
পুলিশ এক বিবৃতিতে জানায়, ১৬ নভেম্বর ২০২৬ সকালে স্থানীয় সময় সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারা চার কক্ষের একটি ঘরের ভেতর ছয় পুরুষ ও তিন নারীর মরদেহ দেখতে পান। তাঁদের সবার শরীরে গুলির ক্ষত ছিল।
অন্য ঘটনাটি ঘটে পিটারমারিৎসবার্গের উপকণ্ঠে সুইটওয়াটার্সের মাবানে এলাকায়। সেখানে একটি সড়কে গাড়ির ভেতরে থাকা আটজনকে গুলি করে হত্যা করা হয়।
পুলিশের মুখপাত্র কর্নেল রবার্ট নেটশিউন্ডা জানান, কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গুলিতে ঝাঁজরা হয়ে যাওয়া সাদা রঙের সাত আসনের একটি গাড়ি দেখতে পান।
তিনি বলেন, গাড়ির ভেতর থেকে আটজন পুরুষকে উদ্ধার করা হয়। তাঁদের শরীরে একাধিক গুলির ক্ষত ছিল এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানিয়েছে, পৃথক দুটি হামলার কোনোটিরই উদ্দেশ্য এখনো জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্তের পাশাপাশি অভিযান চলছে।
এর আগে গত সেপ্টেম্বরে গাউতেং ও ওয়েস্টার্ন কেপ প্রদেশে পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছিলেন বলে পুলিশের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মতামত দিন