Views Bangladesh Logo

ডেঙ্গু চিকিৎসায় ১,৬০০ চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ভুল ব্যবস্থাপনা ঠেকাতে একযোগে ৪০ জেলায় ১ হাজার ৬০০ চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিজ্ঞানভিত্তিক ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করে ডেঙ্গুতে মৃত্যুহার কমানোর লক্ষ্যেই জরুরি ভিত্তিতে দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

‘ট্রেনিং অব ডক্টরস অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ শীর্ষক এ প্রশিক্ষণে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের বিশেষজ্ঞ অধ্যাপক ও চিকিৎসকেরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন এবং তৃণমূল পর্যায় থেকে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক প্রতিনিধিরা সরাসরি ও ভার্চুয়ালি কর্মসূচিতে যুক্ত হয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীর মৃত্যু যেন চিকিৎসার অভাব বা ব্যবস্থাপনার ভুলের কারণে না হয়, সে লক্ষ্যেই চিকিৎসকদের প্রশিক্ষিত করা হচ্ছে। ডেঙ্গুর ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে চিকিৎসকদের দক্ষতা বাড়ানো গেলে রোগীর মৃত্যুহার আরও কমানো সম্ভব হবে বলে জানান তিনি।

স্বাস্থ্য খাতের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে এম এ মুহিত জানান, চলতি ডেঙ্গু মৌসুমে এ পর্যন্ত ৬৩ হাজার ৬২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৯ হাজার ৮৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে প্রায় ৪ হাজার ৩০০ রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোগীর চাপ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টায় অধিকাংশ রোগী সুস্থ হয়ে ফিরছেন।

তিনি বলেন, শুধু তাৎক্ষণিক সিদ্ধান্ত বা অপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর মতো জনস্বাস্থ্য সংকট মোকাবিলা করা সম্ভব নয়। রোগতাত্ত্বিক তথ্য সংগ্রহ, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং পরিকল্পিত ব্যবস্থাপনার ভিত্তিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের পেশাগত মর্যাদা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে জানানো হয়, মূল প্রশিক্ষণ কর্মসূচির আগে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের উদ্যোগে প্রায় ৩৫০ জন জ্যেষ্ঠ চিকিৎসককে প্রশিক্ষক হিসেবে প্রস্তুত করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত এসব চিকিৎসকই এখন দেশের ৪০টি জেলায় একযোগে ১ হাজার ৬০০ চিকিৎসককে ডেঙ্গুর ক্লিনিক্যাল ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ