Views Bangladesh Logo

জেনেভা ক্যাম্পে তিন বাহিনীর যৌথ অভিযান, আটক ১৬

রাজধানীর মোহাম্মাদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী এক বিশাল যৌথ অভিযান চালিয়েছে র‍্যাব, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তিন বাহিনীর সাড়ে তিন শ সদস্যের এই চার ঘণ্টাব্যাপী অভিযানে মোট ১৬ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১ জুন) বিকেল পৌনে ৫টার দিকে জেনেভা ক্যাম্পের বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান শুরু হয়।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, ‘বিকেল থেকে আমরা জেনেভা ক্যাম্পে তিন বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করেছি। অভিযানে ১৬ জনকে আটক করে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক বশির আহমেদ জানান, এই যৌথ অভিযানে তাদের ৯০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন। এছাড়া র‍্যাব-২ এর ৭০ জনেরও বেশি সদস্য অভিযানে অংশগ্রহণ করেন।

অভিযানটি বড় পরিসরে এবং আগেভাগে ঘোষণা দিয়ে পরিচালিত হওয়ায় এর কার্যকারিতা নিয়ে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য প্রশ্ন তুলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ ও র‍্যাব সদস্য জানান, অভিযানের আগাম বার্তা পেয়ে মাদক কারবারিরা আগেই এলাকা থেকে সটকে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রিজন ভ্যানসহ একাধিক গাড়ি নিয়ে ক্যাম্পে প্রবেশ করেন। অভিযানের আগে তারা দীর্ঘ সময় স্থানীয় একটি স্কুলে পরিকল্পনা সভায় ব্যস্ত ছিলেন, যা মাদক কারবারিদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়।

স্থানীয় এক বাসিন্দার দাবি, শীর্ষ মাদক কারবারিরা আগেই ৬২টি বাস ভাড়া করে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের নামে এলাকা ত্যাগ করেছেন।

তবে এই যৌথ অভিযানকে ইতিবাচক হিসেবেও দেখছেন কেউ কেউ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ