চীন গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ জ্যেষ্ঠ কর্মকর্তা
চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে আয়োজিত একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে গেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। মঙ্গলবার (২ জুন) দুপুরে চায়না এয়ারের একটি ফ্লাইটে প্রতিনিধিদলটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
চীন সরকার ও দেশটির দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচি কুনমিংয়ে অনুষ্ঠিত হবে। প্রতিনিধিদলের সদস্য ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রশিক্ষণ চলবে আগামী ৮ জুন পর্যন্ত।
প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ জকরিয়া, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মহাপরিচালক জুলিয়া মঈন, পিএমওর পরিচালক (ইনোভেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন) মনিরুল ইসলাম পাটোয়ারি, উপসচিব জেসমিন আখতার, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ মামুন শিবলী, একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন, অ্যাসাইনমেন্ট অফিসার-২ এস এম পারভেজ, গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারি, উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহর একান্ত সচিব তারিখ হাসান, মোহাম্মদ আবদুল জাব্বার, মো. মাহবুবুর রহমান, আনোয়ার উল হালিম ও মোহাম্মদ নাসির উদ্দিন সরওয়ারসহ অন্যরা।
প্রশিক্ষণ শুরুর আগে সোমবার (১ জুন) ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হয়েছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা চীনের উন্নয়ন ও আধুনিকায়নের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে কাজে লাগাতে পারবেন বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে