ভারতে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত ১৫
ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১ টার দিকে প্রয়াগরাজ জেলায় ঘটনাটি ঘটে।
বুধবার (২৯ জানুয়ারি) মৌনি অমাবস্যাকে সামনে রেখে মঙ্গলবার মহাকুম্ভ মেলায় পূণ্যার্থীদের ব্যাপক জনসমাগমের ঘটনা ঘটলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেলায় আগত পূণ্যার্থীরা গঙ্গাস্নানের উদ্দেশে মঙ্গলবার সন্ধ্যা থেকেই গঙ্গা নদীর তীরে জড়ো হয়েছিলেন। বুধবার সূর্য ওঠার আগেই স্নান শেষের বাধ্যবাধকতা থাকায় গঙ্গার তীরে ব্যাপক ভিড় হয়। এ সময় ব্যারিকেড ভেঙে গেলে কর্নাটক থেকে যাওয়া অন্তত ৬০ জন মানুষের একটি বহরে হুড়োহুড়ি শুরু হয়। এতে ভিড়ের চাপে পড়া নারী-পুরুষের চিৎকারে আতঙ্ক আশেপাশে ছড়িয়ে পড়লে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
পদদলিত হওয়ার পরের ভিডিও এবং ছবিতে দেখা গেছে, মৃতদেহগুলো স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং মাটিতে বসে লোকজন কাঁদছেন। এ সময় নেখানে জামাকাপড়, জুতা, কম্বল এবং ব্যাকপ্যাক মাটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং মানুষ বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটির চেষ্টা করছিল।
কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রাত ১টার দিকে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, ভারতের কুম্ভ মেলা পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাগম হিসেবে পরিচিত। প্রতি ১২ বছর পর পর হয় এই মেলা হয়। এতে ভারত ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে জড়ো হন কয়েক কোটি পূন্যার্থী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে