দুই মাসে ‘ক্লিন কেয়ার’ অ্যাপে ১,৪৬১ অভিযোগ, সমাধান ১,০২০টি
নগরবাসীর পরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও সমাধানের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চালু করা ‘ক্লিন কেয়ার’ অ্যাপ নগরবাসীর মধ্যে সাড়া ফেলেছে। কার্যক্রম শুরুর দুই মাসে অ্যাপটির মাধ্যমে ১ হাজার ৪৬১টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ১ হাজার ২০টি অভিযোগের সমাধান করেছে ডিএসসিসি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএসসিসির মুখপাত্র মো. রাসেল রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, গত ১ আগস্ট থেকে অ্যাপটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া অভিযোগগুলোর মধ্যে ৪৪১টি বর্তমানে নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে।
ডিএসসিসি জানিয়েছে, নাগরিকদের সন্তুষ্টির ক্ষেত্রেও অ্যাপটি ইতিবাচক সাড়া পেয়েছে। ব্যবহারকারীদের দেওয়া রেটিংয়ে পাঁচের মধ্যে গড় স্কোর ৪ দশমিক ৫। পাশাপাশি ৮৯ শতাংশ ব্যবহারকারী অ্যাপটির বিষয়ে ইতিবাচক মতামত জানিয়েছেন।
অ্যাপটির মাধ্যমে নগরবাসী পরিচ্ছন্নতা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সরাসরি কর্তৃপক্ষকে জানাতে পারছেন। অভিযোগ পাওয়ার পর তা সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে অভিযোগ ব্যবস্থাপনায় গতি বাড়ার পাশাপাশি সেবাদানের ক্ষেত্রে জবাবদিহিতাও বাড়ছে বলে জানিয়েছে ডিএসসিসি।
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, এর সঙ্গে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন। ‘ক্লিন কেয়ার’ অ্যাপের মাধ্যমে নাগরিকদের মতামত, অভিযোগ ও পরামর্শকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই সেবার মাধ্যমে নগরবাসীর সঙ্গে ডিএসসিসির যোগাযোগ আরও সহজ হয়েছে। একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক ঢাকা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
নগরবাসীর আস্থার জন্য ধন্যবাদ জানিয়ে ডিএসসিসি প্রশাসক আরও বলেন, ভবিষ্যতে অ্যাপটির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ডিএসসিসির অন্যান্য নাগরিক সেবাকেও ‘ক্লিন কেয়ার’ অ্যাপের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
মতামত দিন