Views Bangladesh Logo

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের কাহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। নিহত শিশুদের বয়স ৫ থেকে ১৬ বছরের মধ্যে হলেও অধিকাংশের বয়স ৯ বছরের কম।

পাঞ্জাবের জরুরি সেবা বিভাগ জানায়, দুর্ঘটনার সময় কোচিং সেন্টারে প্রায় ২২ জন শিশু ও একজন নারী শিক্ষক উপস্থিত ছিলেন। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে হতাহত শিশুদের পাশাপাশি প্রায় ৩০ বছর বয়সী ওই শিক্ষককে উদ্ধার করেন। পরে তাকে এবং আহত আট শিশুকে লাহোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আহত শিশুদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২।

পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বুখারি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, কোচিং সেন্টারটি নিবন্ধিত ছিল না। এটি একটি ব্যক্তিমালিকানাধীন আবাসিক ভবনের জীর্ণ ছাদের নিচে পরিচালিত হচ্ছিল। তদন্তে অবহেলা, অসতর্কতা বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর বর্ষা মৌসুমের আগে ঝুঁকিপূর্ণ ভবনগুলো জরিপ এবং অনিবন্ধিত কোচিং সেন্টার ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কঠোর নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছে পাঞ্জাব সরকার।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ এটিকে ‘হৃদয়বিদারক ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি বলেন, ১৪টি নিষ্পাপ প্রাণের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ