মাদ্রাসায় ভর্তি নিয়ে রাগ করে লঞ্চে পালানো ১৩ বছরের শিশুকে ঢাকায় উদ্ধার
অমতে মাদ্রাসায় ভর্তি করানোয় অভিমান করে চাঁদপুর থেকে লঞ্চে ঢাকার উদ্দেশে পালিয়ে যাওয়া ১৩ বছর বয়সী এক শিশুকন্যাকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সহায়তায় উদ্ধার করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর সদর এলাকার একটি মাদ্রাসার শিক্ষক কবিরুল হক ৯৯৯ নম্বরে ফোন করে জানান, মাইমুনা (১৩) নামে এক ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে। এতে অভিমান করে সে কাউকে কিছু না বলে চলে যায়। পরে জানা যায়, শিশুটি চাঁদপুর থেকে ঢাকার সদরঘাটগামী ‘ইমাম হাসান’ লঞ্চে উঠেছে।
খবর পেয়ে ৯৯৯ কর্তৃপক্ষ দ্রুত চাঁদপুর সদর নৌ পুলিশ ও ঢাকা সদরঘাট নৌ পুলিশকে বিষয়টি জানায় এবং পুরো উদ্ধার কার্যক্রমে সমন্বয় করে।
পরে লঞ্চটি সদরঘাটে পৌঁছালে ঢাকা সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা শিশুকন্যাটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছালে তাদের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হয়।
আনোয়ার সাত্তার আরও জানান, ৯৯৯-এর কলটি গ্রহণ করেন কলটেকার এএসআই হুমায়ুন। উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট নৌ পুলিশের সঙ্গে সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করেন ৯৯৯-এর পুলিশ ডিসপ্যাচার এসআই আওলাদ হোসেন।
মতামত দিন