Views Bangladesh Logo

বিশ্বকাপ উদযাপনে স্পেনে প্রাণ গেল ১৩ বছরের কিশোরের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে স্পেনে মর্মান্তিক দুর্ঘটনায় ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর সিউদাদ রদ্রিগোতে একটি ঐতিহাসিক ফোয়ারার অংশ ভেঙে পড়লে এ ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, সালামানকা প্রদেশের পর্তুগাল সীমান্তবর্তী শহর সিউদাদ রদ্রিগোর আর্বোল গোর্দো ফোয়ারার কাছে শত শত মানুষ স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে জড়ো হয়েছিলেন। মধ্যরাতের কিছু পর স্মৃতিস্তম্ভটির ওপরের অংশ ভেঙে নিচে থাকা মানুষের ওপর পড়ে যায়।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত ১৩ বছর বয়সী এক কিশোর ঘটনাস্থলেই মারা যায়। আহত আরও দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর সিউদাদ রদ্রিগো টাউন হল এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, পুরো শহর এই ঘটনায় শোকাহত। নিহত কিশোরের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনের আনন্দ মুহূর্তটি এক হৃদয়বিদারক ট্র্যাজেডিতে পরিণত হয়েছে।

২০১০ সালের পর ১৬ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে স্পেন। নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে লুইস দে লা ফুয়েন্তের দল। তবে ঐতিহাসিক এই জয়ের আনন্দের মধ্যেই সিউদাদ রদ্রিগোর দুর্ঘটনা গোটা দেশের উৎসবে শোকের ছায়া ফেলেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ