ইন্দোনেশিয়ায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ১৩
ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। সোমবার (১৩ জুলাই) দেশটির স্থানীয় পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, রোববার বিকেলে জাভার ইন্দ্রামায়ু জেলার কিয়াজারান কুলোন গ্রামের কাছে উত্তর উপকূলীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা পার্শ্ববর্তী পারেয়ান গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষে একটি পিকআপ ভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিলেন।
স্থানীয় ট্রাফিক পুলিশের প্রধান উন্দাং শারিফ হিদায়াত জানান, মহাসড়কের মাঝখানের একটি ইউ-টার্ন দিয়ে ঘোরার জন্য পিকআপ ভ্যানটি যখন গতি কমিয়ে থামে, ঠিক তখন একই দিক থেকে আসা একটি উইং-বক্স ট্রাক পেছন থেকে সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার প্রচণ্ডতায় পিকআপটি ছিটকে বিপরীতমুখী লেনে চলে গেলে উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ কর্মকর্তা হিদায়াত আরও জানান, এই ভয়াবহ সংঘর্ষের ফলে পিকআপ ভ্যানে থাকা এক ডজনেরও বেশি যাত্রী ছিটকে মহাসড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।
উল্লেখ্য, অতিরিক্ত যাত্রী বা মালবোঝাই যানবাহন, দুর্বল সড়ক নিরাপত্তা ব্যবস্থা এবং ট্রাফিক আইন যথাযথভাবে না মানার কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই এ ধরনের প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে।
সূত্র: এবিসি নিউজ
মতামত দিন