মিসরে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ: নিহত ১৩, আহত ৩৪
মিসরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে ভারী ট্রাকের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো থেকে দক্ষিণাঞ্চলীয় আসিউত শহরের সংযোগকারী পশ্চিম মরুভূমি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আল-আহরামের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে গিজা এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে নিহত ও আহতদের জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে বাসটির সামনের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে বাসের ভাঙা কাঠামো, দুমড়েমুচড়ে যাওয়া ধাতব অংশ এবং বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। যাত্রীদের আসনও মহাসড়কের পাশে ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নিতে ক্রেন ব্যবহার করেন উদ্ধারকর্মীরা।
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদক ঘটনাস্থল থেকে এসব তথ্য জানান। দুর্ঘটনার পর মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মিসরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটছে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন কার্যকরে দুর্বলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়।
দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মিসরে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ২৬০ জনের মৃত্যু হয়েছিল। এর আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে প্রাণহানির সংখ্যা ছিল ৫ হাজার ৮৬১।
এর আগে গত সেপ্টেম্বরে মিসরের সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ২২ জন নিহত হন। তাঁদের মধ্যে ১০ জন ছিলেন জর্ডানের পর্যটক। এ ছাড়া গত আগস্টে দেশটির উত্তরাঞ্চলে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপের সংঘর্ষে অন্তত ১৮ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে শিশুও ছিল।
মতামত দিন