আশুলিয়ায় ১৩ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা
সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় বার্ষিক বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ কারণে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আল-মুসলিম, নাসা, নিউ এইজ, ডেকোসহ ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম। তিনি বলেন, আজকে ১৩ কারখানায় এখন পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১০টি পোশাক কারখানায় শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রেখেছে। এছাড়া আরও তিনটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পরে আন্দোলন করলে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে কাঙ্ক্ষিত দাবি পূরণ না হওয়ায় শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত পোশাক শ্রমিকরা।
এ প্রসঙ্গে গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, আগে পোশাক শ্রমিকদের ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি করা হতো। সরকার আরও ৪ শতাংশ বাড়ানোর সিন্ধান্ত নিয়েছে। এতে মোট ৯ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি পাবে পোশাক শ্রমিকদের। কিন্তু পোশাক শ্রমিকদের দাবি ১৫ শতাংশ। তবে অনেক কারখানায় শ্রমিকপক্ষ সরকার ঘোষিত বার্ষিক বেতন বৃদ্ধির ঘোষণা না দেওয়ার কারণেই অসন্তোষ দেখা দিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে