Views Bangladesh Logo

চট্টগ্রামে মিছিল করায় ছাত্রলীগ-যুবলীগের ১৩ জন গ্রেপ্তার, দুটি বাস জব্দ

চট্টগ্রাম নগরীর বারেক বিল্ডিং এলাকায় ঝটিকা মিছিল বের করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানকালে মিছিলকারীদের ব্যবহৃত দুটি যাত্রীবাহী বাস জব্দ করার পাশাপাশি ঘটনাস্থল থেকে ৪ টুকরো সাদা কাপড়, ১০টি লাঠি এবং ১৩টি ইটের টুকরো উদ্ধার করা হয়েছে।

সিএমপির জনসংযোগ শাখার অতিরিক্ত উপ-কমিশনার আমিনুর রহমান জানান, শুক্রবার সকালে নাশকতার উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কিছু নেতা-কর্মী দুটি যাত্রীবাহী বাসে করে বারেক বিল্ডিং এলাকায় জড়ো হন। তারা মাথায় সাদা কাপড় বেঁধে রাষ্ট্র ও সরকারবিরোধী ষড়যন্ত্র এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে মিছিল শুরু করেন। খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা বিভিন্ন গলি দিয়ে পালিয়ে যান। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির একাধিক টিম নগরীর বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে ওই ১৩ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হালিশহর থানা যুবলীগের সভাপতি মো. ওমর ফারুক, ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজা, শাকিবুল ইসলাম, যীশু দাশ, মো. সাইফুল আলম রুবেল, মো. শরিফুল ইসলাম, মো. ইব্রাহিম খলিল, মোহাম্মদ মিন্টু, মো. মনিরুল ইসলাম, মো. হান্নান, মো. জুনায়েদুল আলম তাসনুফ এবং মো. ইরফান।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ