নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য বিদেশি পর্যবেক্ষকের
বাংলাদেশের ভোটগ্রহণ প্রক্রিয়াকে অবাধ ও সুষ্ঠু বলে অভিহিত করেছেন বিদেশি পর্যবেক্ষকদের একটি অংশ। রোববার (৭ জানুয়ারি) বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।
জিম বেটস বলেন, “আমি বলতে চাই, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। অনেকেই যেভাবে ভোটার উপস্থিতি কম থাকার কথা বলছেন, এটি একটি ভুল ব্যাখ্যা। অনেক দেশে ভোটের দিন বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত এমনকি কয়েক মাস পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া চলে। ফলে তারা যখন কম ভোটার উপস্থিতির কথা বলছে, এটি আসলে গণমাধ্যমকে অন্যদিকে ধাবিত করা চেষ্টা।”
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ১২৭ বিদেশি পর্যবেক্ষক বর্তমানে ঢাকায় রয়েছেন। বেশ কয়েকটি ভোটকেন্দ্র তারা পরিদর্শন করেন। অন্য এক পর্যবেক্ষক বলেন, “এই মুহূর্তে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। আশা করি, পুরো সময়টা এমন পরিবেশ থাকবে।”
ফিলিস্তিনের প্রধান নির্বাচন কর্মকর্তা হিশাম কুহালি ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে বলেছেন, “বাংলাদেশের নির্বাচনী পদ্ধতি নিয়ে এদেশের জনগনের গর্ব হওয়া উচিত। ভোট প্রদান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করা উচিত। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন লক্ষ্য করেছি। সহিংসতার কোনো লক্ষণ আমাদের নজরে আসেনি।”
হিশাম কুহালি আরও বলেন, “ভোট প্রদান পদ্ধতি খুবই সহজ ও সরল ছিল। আন্তর্জাতিক মানের দিক থেকে এটা খুবই ভালো। প্রশিক্ষিত কর্মকর্তারা ভোটারদের ভোট দিতে সহায়তা করছে। আমরা এখানে ভোট দেওয়ার পদ্ধতি পর্যবেক্ষণ করতে এসেছি। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আপনাদের গর্ব করা উচিত।”
অন্য এক সংবাদ সম্মেলনে রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের প্রধান আন্দ্রে ওয়াই শুভট বলেন, “শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট। এটি বৈধ নির্বাচন।”
স্কটিশ সাংসদ মার্টিন ডে বলেন, “নির্বাচন মোটামুটি সুষ্ঠু হলেও ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে