Views Bangladesh Logo

রাউজানে সন্ত্রাসীর গুলিতে ১২ পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ১

চট্টগ্রামের রাউজানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযানে গিয়ে গুলিবিনিময়ের ঘটনায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দিলদার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাউজান থানার কদলপুর ইউনিয়নের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি দোনলা বন্দুক, একটি একনলা কাটা বন্দুক, চায়না রাইফেলের ১১৯ রাউন্ড গুলি এবং ছয় রাউন্ড সীসা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন এসআই (নিরস্ত্র) জান্নাতুন নাঈম রাজন, এসআই খোরশেদ আলম, এসআই বায়েজিদ মৃধা, এসআই মো. জাহাঙ্গীর আলম, এএসআই মো. জুয়েল চন্দ্র বিশ্বাস ও এএসআই রবিউল হোসেনসহ ১২ জন।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, জানে আলম ওরফে ডাকাত আলম এবং মোহাম্মদ আজিজ ওরফে আজিজ বসের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি ও আদায় করে আসছিল। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়া পাড়ায় জানে আলমের বাড়ির সামনে অভিযান চালানো হয়।

তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতরে থাকা জানে আলম ওরফে ডাকাত আলম (৪২), মোহাম্মদ আজিজ ওরফে আজিজ বস (৫২), দিলদার হোসেন (৩৭), মো. রুবেল (২৭), মো. মামুন-অর-রশিদ ওরফে মামুন (৩৫) ও মো. বাঁচা (৪৫)সহ আরও কয়েকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গুলিবিনিময়ের সময় ১২ পুলিশ সদস্য আহত হন।

ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় দিলদার হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার মাসুদ আলম। পাশাপাশি ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ