Views Bangladesh Logo

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

দক্ষিণ লেবাননে একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা দ্য টাইমস অব ইন্ডিয়া।

কর্মকর্তারা জানান, দেশটির দক্ষিণাঞ্চলের বুর্জ কালাওইয়া শহরের একটি ক্লিনিকে এই হামলা চালানো হয়। এতে সেখানে কর্মরত চিকিৎসক, প্যারামেডিক ও নার্সসহ ১০ জন নিহত হন।

এ ছাড়াও সাওয়ানেহ শহরে আরেকটি হামলায় হিজবুল্লাহ ও তাদের মিত্র সংগঠন আমাল মুভমেন্ট সংশ্লিষ্ট দুই প্যারামেডিক (স্বাস্থ্যকর্মী) নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

শুক্রবারও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলা অব্যাহত ছিল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বন্দরনগরী সিডনের কাছে মিয়েহ ওয়া মিয়েহ গ্রামে চালানো এক হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।

অন্যদিকে, হিজবুল্লাহও শুক্রবার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়েছে। সংগঠনটি বলেছে, এটি ছিল তাদের কুদস দিবস উপলক্ষে পরিচালিত একটি সামরিক অভিযান। ইরানে পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারে প্রতি বছর ফিলিস্তিনের সমর্থনে কুদস দিবস পালন করা হয়।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা চালালে লেবাননও আঞ্চলিক সংঘাতে আরও গভীরভাবে জড়িয়ে পড়ে।

এদিকে ইসরায়েল লেবাননকে সতর্ক করে বলেছে, হিজবুল্লাহর কর্মকাণ্ড অব্যাহত থাকলে দেশটিকে আরও বড় পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, লেবাননের অবকাঠামোর ওপর চলমান হামলা কেবল শুরু মাত্র।

তিনি বলেন, “এটি কেবল শুরু। হিজবুল্লাহ সন্ত্রাসীদের ব্যবহৃত লেবাননের জাতীয় অবকাঠামোর ক্ষয়ক্ষতির জন্য লেবানন সরকার ও রাষ্ট্রকেই ক্রমবর্ধমান মূল্য দিতে হবে।”

প্রতিরক্ষামন্ত্রী কাটজ আরও বলেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করার অঙ্গীকার পূরণ না করা পর্যন্ত লেবানন “ভূখণ্ড হারানোর ঝুঁকির” মুখে পড়বে।

অন্যদিকে শুক্রবার এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেন, ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য তাদের প্রস্তুতি রয়েছে।

তিনি বলেন, “আমরা দীর্ঘ লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করেছি। আল্লাহর ইচ্ছায় যুদ্ধক্ষেত্রে ইসরায়েলিরা বিস্মিত হবে।”

এর আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সরাসরি ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন। তবে শুক্রবার তিনি জানান, এ বিষয়ে এখনো কোনো জবাব পাননি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ