প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন খুবির ১২ শিক্ষার্থী
'প্রধানমন্ত্রী স্বর্ণপদক'-এর জন্য মনোনীত হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১২ জন মেধাবী শিক্ষার্থী। তিনটি শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে অসামান্য একাডেমিক ফলাফলের স্বীকৃতি হিসেবে তাদের এ পদকের জন্য চূড়ান্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) রিসার্চ গ্রান্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশনের পরিচালক মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মনোনীত ১২ শিক্ষার্থীর মধ্যে ২০১৯ শিক্ষাবর্ষের ৬ জন, ২০২০ শিক্ষাবর্ষের ৫ জন এবং ২০২১ শিক্ষাবর্ষের ১ জন রয়েছেন।
২০১৯ শিক্ষাবর্ষে স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন—বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের নাজমুস সাকিফ (সিজিপিএ ৩.৯৬), ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের তমালিকা বালা (সিজিপিএ ৩.৭৫), জীববিজ্ঞান স্কুলের ফার্মেসি ডিসিপ্লিনের মাইশা মালিহা মেধা (সিজিপিএ ৩.৯৫), চারুকলা স্কুলের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের তাবাস্সুম ইমা (সিজিপিএ ৩.৮১), কলা ও মানবিক স্কুলের বাংলা ডিসিপ্লিনের সদানন্দ মণ্ডল (সিজিপিএ ৩.৫০) এবং সামাজিক বিজ্ঞান স্কুলের অর্থনীতি ডিসিপ্লিনের মুক্তা আক্তার (সিজিপিএ ৩.৮৯)।
২০২০ শিক্ষাবর্ষের মনোনীতরা হলেন— বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের গণিত ডিসিপ্লিনের মো. মেহেদী হাসান রাসেল (সিজিপিএ ৩.৯৪), ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের আলমগীর হোসেন (সিজিপিএ ৩.৯৩), জীববিজ্ঞান স্কুলের ফার্মেসি ডিসিপ্লিনের প্রত্যাশা শিকদার (সিজিপিএ ৩.৯৫), কলা ও মানবিক স্কুলের ইংরেজি ডিসিপ্লিনের টি এম রাফাত রহমান (সিজিপিএ ৩.৫২) এবং সামাজিক বিজ্ঞান স্কুলের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সুদীপ্ত দেবনাথ (সিজিপিএ ৩.৯৪)।
এছাড়া ২০২১ শিক্ষাবর্ষের পদকপ্রাপ্ত একমাত্র শিক্ষার্থী হলেন ইংরেজি ডিসিপ্লিনের তানাজ কবির (সিজিপিএ ৩.৬৭)।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করতে এবং মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নে ২০০৫ সাল থেকে ঐতিহ্যবাহী এই 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক' প্রদান করে আসছে ইউজিসি।
মনোনীত শিক্ষার্থীদের এই অসামান্য অর্জনে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের একটি বড় প্রমাণ। তাদের এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলে অনুপ্রাণিত করবে এবং গবেষণা ও জ্ঞানচর্চায় আরও বেশি আগ্রহী করে তুলবে।
উপাচার্যের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নুরুন্নবী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
মতামত দিন