Views Bangladesh Logo

ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের সামনে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক ভক্তদের ওপর উঠে গেলে ১২ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ভোরে, স্থানীয় সময় রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নবরাত্রি উপলক্ষে ওই সময় মন্দিরে ভক্তদের ঢল নেমেছিল।

পুলিশ জানায়, ধানবোঝাই ট্রাকটি চিন্নর এলাকার দিক থেকে আসছিল। মন্দিরসংলগ্ন ঢালু সড়কে নেমে এটি নিয়ন্ত্রণ হারায়। সড়কটিতে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পুলিশের চেকপোস্ট ও ব্যারিকেড ভেঙে মন্দিরের সামনে জড়ো হওয়া মানুষের ওপর উঠে যায়। পরে সেটি মন্দিরের বাইরের দেয়াল ও প্রবেশদ্বারে ধাক্কা দিয়ে থামে। সংঘর্ষে মন্দিরের প্রবেশপথ ও আশপাশের প্রসাদের দোকানও ক্ষতিগ্রস্ত হয়।

গোয়ালিয়রের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) ধর্মবীর সিং জানান, দুর্ঘটনার পর মোট ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের মধ্যে পাঁচ-ছয়জনের অবস্থা গুরুতর, কয়েকজনের হাড় ভেঙেছে। বাকিরা সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনায় মন্দিরের নিরাপত্তায় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাঁদেরও চিকিৎসা চলছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত সবাই মন্দিরে পূজা দিতে আসা ভক্ত। অনেকেই দল বেঁধে এসেছিলেন। হঠাৎ এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়। কেউ কেউ ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছিলেন বলেও জানা গেছে।

নবরাত্রি উপলক্ষে ভিড় সামলাতে পুলিশ ওই এলাকায় চেকপোস্ট ও ব্যারিকেড বসিয়েছিল। তবু নিষিদ্ধ সড়কে ভারী ট্রাক কীভাবে ঢুকল এবং ব্যারিকেড পেরিয়ে এল, সে প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ ঘটনার কারণ খতিয়ে দেখছে।

গোয়ালিয়র জেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত শীতলা মাতা মন্দিরটি ঐতিহাসিক। বিশেষ করে নবরাত্রির সময় এখানে দূরদূরান্ত থেকে বিপুলসংখ্যক ভক্ত আসেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ