বিশ্বে ১২০ কোটি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত: গবেষণা
বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য সমস্যার ভয়াবহ বৃদ্ধি দেখা যাচ্ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। এতে বলা হয়েছে, ২০২৩ সালে প্রায় ১২০ কোটি মানুষ বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত ছিলেন, যা ১৯৯০ সালের তুলনায় প্রায় ৯৫ দশমিক ৫ শতাংশ বেশি।
চিকিৎসা-বিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত এই গবেষণায় উদ্বেগ ও বিষণ্নতাকে সবচেয়ে দ্রুত বাড়তে থাকা এবং সবচেয়ে সাধারণ মানসিক স্বাস্থ্য সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।
গবেষণাটি ২০৪টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে পরিচালিত হয়েছে, যেখানে বয়স, লিঙ্গ, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা বিবেচনায় ১২ ধরনের মানসিক সমস্যার প্রবণতা পর্যালোচনা করা হয়।
এতে দেখা যায়, নারীদের মধ্যে মানসিক সমস্যার হার তুলনামূলক বেশি হলেও অটিজম, এডিএইচডি, ব্যক্তিত্বজনিত ও কিছু আচরণগত সমস্যায় পুরুষদের আক্রান্ত হওয়ার হার বেশি। বিশেষ করে ১৫ থেকে ৩৯ বছর বয়সীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন এবং ১৫ থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে মানসিক সমস্যার হার এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
গবেষকদের মতে, কোভিড-১৯ মহামারি, অর্থনৈতিক অনিশ্চয়তা, যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিচ্ছিন্নতা, পারিবারিক সহিংসতা এবং বৈষম্য মানসিক স্বাস্থ্য সমস্যার বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, রোগ শনাক্তকরণ উন্নত হওয়া এবং মানুষের গড় আয়ু বাড়ার কারণেও আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে উল্লেখ করা হয়।
তবে গবেষণায় সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে বলা হয়েছে, মানসিক স্বাস্থ্য সমস্যার হার দ্রুত বাড়লেও এর তুলনায় বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্যসেবার অবকাঠামো ও সেবা সম্প্রসারণ যথেষ্ট হয়নি।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, মানসিক স্বাস্থ্য এখন বৈশ্বিক অক্ষমতার অন্যতম প্রধান কারণ হয়ে উঠছে, তাই দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই সংকট আরও গভীর আকার ধারণ করতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে