সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলন করবে ১১ দলীয় জোট
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত না ডাকা হলে ১১ দলীয় জোট রাজপথে আন্দোলনে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
শনিবার (১৪ মার্চ) রাজধানীতে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
হামিদুর রহমান আযাদ জানান, আগামীকালের মধ্যে সরকার যদি এ বিষয়ে কোনো উদ্যোগ না নেয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
বৈঠকে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, ইসলামী পার্টি, লেবার পার্টিসহ জোটভুক্ত বিভিন্ন দলের প্রতিনিধিরা অংশ নেন।
আযাদ বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। যদিও নির্বাচনকে ‘ইতিহাসের সেরা নির্বাচন’ বলা হলেও জনগণের ভোটাধিকারের পূর্ণ প্রতিফলন হয়নি।
হামিদুর রহমান আজাদ উল্লেখ করেন, ‘জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য একদিনে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। তবে জাতীয় সংসদের অধিবেশন ডাকা হলেও এখনো সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়নি, যা জোটের পক্ষ থেকে উদ্বেগের কারণ।’
তিনি আরও বলেন, জুলাই সনদ অনুযায়ী সংসদ নেতা বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে লিখিতভাবে অধিবেশন ডাকার পরামর্শ দেবেন এবং রাষ্ট্রপতি তা আহ্বান করবেন। কিন্তু এখন পর্যন্ত সেই প্রক্রিয়া অনুসরণ হয়নি। যদি সরকার দ্রুত ব্যবস্থা না নেয়, জনগণের প্রত্যাশা ও মর্যাদা রক্ষার জন্য আমরা রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হব।
হামিদুর রহমান জানান, ২৮ মার্চ জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডাকার প্রস্তাব রয়েছে, যেখানে ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নির্ধারণ করা হতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে