গ্যাস সংকট-বিদ্যুতের বাড়তি বিলের প্রতিবাদে চুলা-পাতিল নিয়ে কর্মসূচি
গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর পল্টনের মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া কর্মসূচিতে নারী কর্মীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে গ্যাসের চুলা ও রান্নার পাতিল হাতে অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে স্লোগান দেন নেতাকর্মীরা। কর্মসূচির কারণে পল্টন, বিজয়নগর ও প্রেসক্লাব এলাকায় যানজটের সৃষ্টি হয়।
সমাবেশ থেকে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে ১০ দফা দাবি উত্থাপন করা হয়। দাবির মধ্যে রয়েছে গত তিন মাসে আদায় করা ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের বিষয়ে গণশুনানি, দায়ীদের শাস্তি, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়াসহ বিভিন্ন অতিরিক্ত চার্জ বাতিল এবং বিলিং ব্যবস্থায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা। পাশাপাশি অতিরিক্ত আদায় করা অর্থ গ্রাহকদের ফেরত দেওয়ারও দাবি জানানো হয়।
জোটের নেতারা বলেন, গ্যাস সরবরাহ না থাকলে বিল আদায় বন্ধ করতে হবে। একই সঙ্গে দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান, কূপ খনন, এলএনজি টার্মিনালের ব্যর্থতার তদন্ত, সিস্টেম লস ও গ্যাস চুরি বন্ধ, স্মার্ট মিটারিং চালু এবং শিল্প, ব্যবসা ও বিদ্যুৎ উৎপাদনে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়। জ্বালানি খাতে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়।
কর্মসূচিতে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মতামত দিন