রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা
রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদকে প্রার্থী ঘোষণা করেছে ১১ দলীয় জোট। রবিবার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
বৈঠক শেষে জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ।
এর আগে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী চূড়ান্তকরণ ছাড়াও পারস্পরিক রাজনৈতিক সমঝোতা এবং ভবিষ্যতের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, জোটের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদসহ জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষনেতৃবৃন্দ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদের জন্ম চট্টগ্রামে। ১৯৭১ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন, যার অবস্থান ছিল চট্টগ্রামের ষোলশহরে। ২৫ মার্চ মধ্যরাতে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। প্রতিরোধযুদ্ধ শেষে ভারতে পুনরায় সংগঠিত হয়ে নিয়মিত মুক্তিবাহিনীর ‘জেড ফোর্স’-এর অধীনে তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনী থেকে কর্নেল পদে উন্নীত হয়ে অবসর গ্রহণের পর তিনি রাজনীতিতে যোগ দেন। বর্তমানে তিনি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
মতামত দিন