Views Bangladesh Logo

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র নিল ১১ দলীয় জোট

রাষ্ট্রপতি পদে নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ১১ দলীয় জোট।

সোমবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কার্যালয় থেকে জোটের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

মনোনয়ন ফরম সংগ্রহের পর ১১ দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, কর্নেল (অব.) অলি আহমেদ সবার কাছে গ্রহণযোগ্য প্রার্থী। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর পরিচ্ছন্ন ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা রয়েছে।

তিনি বলেন, জয়-পরাজয় নয়, প্রতিদ্বন্দ্বিতাই গুরুত্বপূর্ণ। প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জনগণের সামনে বিকল্প তৈরি করা এবং ভোটের অধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করাই মূল লক্ষ্য।

এর আগে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট।

১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার তথা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এরপর ১৬ আগস্ট সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র বাছাই করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। আর প্রতিদ্বন্দ্বিতা হলে ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ