Views Bangladesh Logo

‘গণভোটের রায়’ বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

গণভোটের ফল বাস্তবায়নের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। আগামী ৯ এপ্রিল থেকে দেশব্যাপী এই কর্মসূচি শুরু হবে। যার মধ্যে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং বিভিন্ন পর্যায়ে বিক্ষোভ সমাবেশ অন্তর্ভুক্ত রয়েছে।

মঙ্গলবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন জোটের নেতা মামুনুল হক।

তিনি বলেন, সর্বশেষ নির্বাচনে প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু নির্বাচিত সরকার নানা কৌশল ও বিলম্বের মাধ্যমে সেই রায় বাস্তবায়ন এড়িয়ে যাচ্ছে। এটি জনগণের রায়ের প্রতি উপহাস এবং জাতির প্রতি অবমাননা।

তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় ঐকমত্যের ভিত্তিতে প্রণীত ২০টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ পাস না করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। তার ভাষায়, ‘এটি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা। সরকার দেশে আবার একদলীয় শাসন ও ফ্যাসিবাদ কায়েম করতে চায়।’

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৯ এপ্রিল বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে উদ্বোধনী কর্মসূচির মাধ্যমে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু হবে। এ কর্মসূচি টানা এক সপ্তাহ দেশব্যাপী চলবে।

এছাড়া ১১ এপ্রিল সব মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, ১২ এপ্রিল জেলা পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি এবং ১৩ এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ