আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের
দেশের জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ১১ দলের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘লংমার্চে বাধা দেওয়া হলে দ্বিগুণ শক্তিতে তা গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।’ একই সাথে অনতিবিলম্বে নিত্যপণ্যের বাড়তি দাম প্রত্যাহারেরও জোর দাবি জানান তিনি।
অবস্থান কর্মসূচি থেকে আরও কয়েকটি বিভাগের লংমার্চ কর্মসূচির তারিখ প্রকাশ করা হয়। ঘোষিত নতুন কর্মসূচি অনুযায়ী—আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট রুটে লংমার্চ অনুষ্ঠিত হবে।
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সরকার পদে পদে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। গ্যাস, বিদ্যুৎসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার স্বপ্ন দেখা উচিত নয়।
এ ছাড়াও ছাত্রদলের ভূমিকার সমালোচনা করে নাহিদ ইসলাম আরও বলেন, ‘ছাত্রদল আবারও ছাত্রলীগের রূপে হল দখলের পাঁয়তারা করছে।’
মতামত দিন