আজ অবসর সুবিধার টাকা পাচ্ছেন ১ লাখ ১৪ হাজার শিক্ষক-কর্মচারী
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা পরিশোধে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের আওতায় প্রায় ১ লাখ ১৪ হাজার শিক্ষক-কর্মচারীকে অর্থ দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে।
শনিবার (১৫ আগস্ট) দেশের ৬৪ জেলায় একযোগে এ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। এর আওতায় অবসর সুবিধা বোর্ডের প্রায় ৭০ হাজার এবং শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের প্রায় ৪৪ হাজার উপকারভোগী অর্থ পাবেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই কর্মসূচি বাস্তবায়নে সরকার বিশেষ থোক বরাদ্দ হিসেবে প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা দিচ্ছে। এর মধ্যে অবসর সুবিধা বোর্ডের জন্য প্রায় ১ হাজার ৫০০ কোটি এবং কল্যাণ ট্রাস্টের জন্য প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে পাওনা না পাওয়া অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দুর্ভোগ কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এবার অর্থ পরিশোধের ক্ষেত্রে নতুন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। ‘আইবাস’ সফটওয়্যারের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে টাকা পাঠানো হবে। এতে দালাল বা মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপের সুযোগ কমবে এবং অর্থ বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অবসর সুবিধা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীদের মধ্যে প্রায় ৭০ হাজার ১১৫টি আবেদন নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে কল্যাণ ট্রাস্টে ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত জমা পড়া প্রায় ৪৪ হাজার আবেদন রয়েছে। তবে আবেদন জমে যাওয়ার তুলনায় নিয়মিত আয় কম হওয়ায় দুই প্রতিষ্ঠানেই বড় ধরনের অর্থসংকট তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের হিসাবে, বর্তমানে জমে থাকা সব আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন ১২ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে অবসর সুবিধা বোর্ডের আবেদনগুলো মেটাতে প্রায় ৯ হাজার কোটি এবং কল্যাণ ট্রাস্টের জন্য ৩ হাজার কোটি টাকার বেশি প্রয়োজন। ফলে সরকারের বর্তমান বিশেষ বরাদ্দে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী উপকৃত হলেও দীর্ঘদিনের পুরো সংকট কাটাতে ভবিষ্যতে আরও বড় অঙ্কের অর্থ বরাদ্দের প্রয়োজন হবে।
মতামত দিন